নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র ডা. শাহাদাত: ৬ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে চট্টগ্রাম:দ্রুত বর্জ্য সরালেই পুরস্কার: চসিকের পরিচ্ছন্নতা অভিযানে অভিনব উদ্যোগ মেয়রের।
নিজস্ব প্রতিবেদক-
আসন্ন ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম মহানগরীর সমস্ত কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এই লক্ষ্যমাত্রা সফল করতে পরিচ্ছন্নতা কার্যক্রমের মান নিশ্চিত করে দ্রুততম সময়ে বর্জ্য সরানোর জন্য কর্মকর্তা ও কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
গতকাল (২৫ মে) চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে মেয়র এই ঘোষণা দেন।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের দিন দুপুর ২টা থেকে আমাদের পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে এবং পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে নগরীকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করা হবে।" বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা তদারকি করতে মেয়র নিজে নগরীর বিভিন্ন এলাকা সরাসরি পরিদর্শনে থাকবেন বলে জানান।
বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনার লক্ষ্যে মেয়রের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবচেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারা সেরা ৩টি ওয়ার্ডকে চসিকের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তবে দ্রুততার পাশাপাশি পরিচ্ছন্নতার মান যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তুতি সভায় জানানো হয়, নগরীর ৪১টি ওয়ার্ডে জোন কর্মকর্তা, সুপারভাইজার এবং পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয়ে একযোগে এই অভিযান চালানো হবে। প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক যানবাহন এবং পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডারসহ জীবাণুনাশক সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়াও কোরবানির চামড়া ব্যবস্থাপনায় আড়তদার ও ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে বিশেষ পরিবহন ব্যবস্থা রাখা হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন নির্দিষ্ট স্থানে পশু জবাই করার এবং চসিক থেকে সরবরাহকৃত পলিথিন ব্যাগে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট পয়েন্টে রাখার জন্য নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, সকল ওয়ার্ড কাউন্সিলর এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।