অর্থ মন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে সচেতন চট্টলাবাসীর ৭ জুন প্রেসক্লাবের মানববন্ধন স্থগিত।
পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় ঢাকা স্থানান্তর না করে চট্টগ্রামে বহাল রাখার স্পষ্ট ঘোষণায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ‘সচেতন চট্টলাবাসী’। মন্ত্রীর এই সুনির্দিষ্ট ও বলিষ্ঠ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ এক যৌথ বিবৃতিতে ‘সচেতন চট্টলাবাসী’র নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং প্রধান সমুদ্রবন্দর। বিপিসির মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদর দপ্তর এখানে থাকা অত্যন্ত যৌক্তিক। দীর্ঘদিন ধরে এই কার্যালয়টি ঢাকায় স্থানান্তরের নানামুখী তৎপরতা চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছিল। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে বৈঠকে মাননীয় অর্থ মন্ত্রীর ঘোষণা চট্টগ্রামের মানুষের ন্যায়সংগত দাবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন।
নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় মন্ত্রীদের এই সদিচ্ছা ও আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে এবং চট্টগ্রামের স্বার্থ রক্ষায় তাঁর অবস্থানকে স্বাগত জানিয়ে আমাদের আগামী ৭ জুনের প্রস্তাবিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হলো। তবে চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্ব ধরে রাখতে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণে বাকলিয়ায় বরাদ্দকৃত জমিতে দ্রুত বিপিসির নিজস্ব স্থায়ী ভবন নির্মাণের দাবি জানান তারা।