চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট প্রকৌশলী ও রাজনৈতিক ব্যক্তিত্ব বেলায়েত হোসেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি পূর্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কার্যভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণকালে সিডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণ শেষে প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রামের সামগ্রিক ও পরিকল্পিত উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, "চট্টগ্রামকে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং জলাবদ্ধতামুক্ত মেগাসিটি হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।"
এ বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগপ্রত্যাশী ছিলাম। দল আমাকে মূল্যায়ন করেছে। আমি এর সর্বোচ্চ প্রতিদান দেব। আমার দলের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আমার মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
একইসঙ্গে তিনি চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশন, ওয়াসাসহ সকল উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান।
প্রকৌশলী বেলায়েত হোসেন দীর্ঘ কর্মজীবনে একজন পেশাদার প্রকৌশলী হিসেবে সুনাম অর্জন করেছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। সিডিএ-এর মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় তার এই নিয়োগ চট্টগ্রামের নগর পরিচালনায় নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।